তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করা বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে। তাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নাগরিকদের উদ্যোক্তা মনোভাব বিকাশ এবং বেসরকারি উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতি গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের বিমা খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।