পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা সদর সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জানা যায়, “বুনোফুল কম্পিউটার” নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রুবেল হাওলাদার দীর্ঘদিন ধরে ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। বিশেষ করে ই-নামজারি (মিউটেশন) ও অন্যান্য ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবার ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা ও প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বলেন, সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় মো. রুবেল হাওলাদারকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, সাধারণ মানুষ যাতে সরকারি সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।