ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন সরকার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার বিচার সম্পন্ন করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এমন ধ্বংসাত্মক ঘটনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। তার মতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিগত সরকারের ভূমিকা নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের ভেতরের রাজনৈতিক শক্তিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়ে গণতান্ত্রিক পথে এগোনোই উত্তম।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।