ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের স্বার্থে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন।
বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরের ঢাকা-১৫ আসনের নাগরিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার লক্ষ্যে সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, ড্রেন ও সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি ও গ্যাস সংকট নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে, মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
পরে তারা পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মনিপুর, বাইশটেকী ও ইব্রাহিমপুর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় ডেঙ্গু পরিস্থিতি, খালের অবস্থা, পরিচ্ছন্নতা, পানি ও গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের অভিযোগ শোনেন।
মতবিনিময় সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকায় পানি সংকট নিরসনে পাঁচটি গভীর নলকূপ বা পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এ জন্য দ্রুত স্থান নির্ধারণে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে উপস্থিত তিনজনই নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পানির পাম্প নির্মাণে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
সভায় ওয়াসা ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।