ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি) স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত তিন ঘণ্টা মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না। তবে অন্যান্য সব স্টেশনে মেট্রোরেলের চলাচল ও যাত্রাবিরতি স্বাভাবিক থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব আয়োজনের কারণে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।