পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত টোল বাবদ ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা আদায় হয়েছে। এ সময়ে সেতু দিয়ে পারাপার করেছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টোল থেকে আদায় করা অর্থের মধ্যে সরকারের কাছে ঋণের ১৬টি কিস্তি হিসেবে ইতোমধ্যে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিশোধযোগ্য কোনো কিস্তির অর্থ বকেয়া নেই।
বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। চালুর পর থেকে দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেতুটি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ১ শতাংশ সুদে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা ১৪০টি কিস্তিতে পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।
এছাড়া টোল থেকে আদায় করা অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে এখন পর্যন্ত ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পদ্মা সেতুর নিরাপত্তা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা হচ্ছে। টোল আদায়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে নেওয়া ঋণের পুরো অর্থ পরিশোধ করা সম্ভব হবে বলেও তারা আশা প্রকাশ করেছে।