অন্তর্বর্তী সরকারসহ অতীত ও বর্তমান সময়ের সব দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আনার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো সময়সীমা বা তামাদি নেই, তাই যেকোনো সময় এসব অভিযোগের তদন্ত করা সম্ভব।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এ বিষয়ে অভিযোগ এলে তা তদন্ত করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়িত্ব। তিনি বলেন, দুদক একটি স্বাধীন কমিশন হিসেবে সরকারের যেকোনো স্তরের ব্যক্তি—অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, পূর্ববর্তী সরকার কিংবা বর্তমান সরকারের সদস্য—সবার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে পারে।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
তিনি আরও জানান, শেখ হাসিনার বক্তব্য প্রচারেও আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে আইন ও নীতিমালা মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার দেশত্যাগ এবং পরবর্তী সময়ে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার নিষিদ্ধ বলে তিনি জানান।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।