কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ মঙ্গলবার (৩০ জুন) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে মরদেহগুলো দেশে আনা হয়। প্রিয়জনদের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
মরদেহ গ্রহণের সময় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো কানাইঘাটের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
গত ২১ জুন কাতারের আল শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হন। নিহত পাঁচ বাংলাদেশি হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং জীবিকার তাগিদে কাতারে কর্মরত ছিলেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, নিহতদের প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।