হলমার্ক, বেসিক ব্যাংক ও জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩০ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ১০ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা ও প্রশাসনিক ঘাটতি দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে জটিলতা তৈরি করছে। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে সমন্বয়হীনতা এখন স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, অতীতে হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক ও জনতা ব্যাংকের ঋণ অনিয়মের মতো ঘটনাগুলো প্রশাসনিক দুর্বলতা এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ততার কারণে ঘটেছে। এসব ঘটনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আখতার হোসেন আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিভিন্ন সময়ে ঋণ পুনঃতফসিল (রিশিডিউলিং) করা হয়, যার ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়। এটি দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতার জন্য উদ্বেগজনক।
তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কীভাবে কার্যকর তদারকি নিশ্চিত করা হবে এবং বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যকার প্রশাসনিক জটিলতা দূর করতে সরকার কী পদক্ষেপ নেবে।