সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম তার বক্তব্য প্রচার করছে, যা আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আদালতের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানাচ্ছে। প্রয়োজন হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপ নিতে চায় না। তবে গণমাধ্যমের উচিত আইন ও আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা। ভবিষ্যতে প্রয়োজন হলে বিষয়টি নিয়ে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছালেও দেশের ভেতরে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় দেশীয় গণমাধ্যমে তা সরাসরি প্রচার করা উচিত নয়। আদালতের নির্দেশনা মেনে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।