ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস।” রোববার (২৮ জুন) সাভারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, বিশ্ববিদ্যালয় শেষ করা একজন তরুণ ছাত্র গণআন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উল্লেখ করেন, সে সময় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে পারেনি এবং ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটে। তাঁর ভাষ্য, ওই আন্দোলনের সামনের সারির নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম।
সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের সংকটময় সময়ে নেতৃত্ব গ্রহণে ড. ইউনূস সম্মতি জানান এবং আন্দোলনে অংশ নেওয়া তরুণদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন।
অনুষ্ঠানে ড. ইউনূস আরও বলেন, সরকার গঠনের সময় নাহিদ ইসলাম সেই সরকারের সদস্য ছিলেন। পরে তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। এবারের সম্মেলনে বিশ্বের ৩৭টি দেশ থেকে ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।