নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে গাঁজা বিক্রির অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৭১) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক একটি শিশুর কাছে ৪০০ টাকার গাঁজা বিক্রির সময় এলাকাবাসীর নজরে পড়েন। পরে তাঁকে আটক করে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও গাঁজা বিক্রির অভিযোগে কারাভোগের ঘটনা রয়েছে। তাঁর নামে মাদক-সংক্রান্ত মামলাও রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম। আদালত গাঁজা বিক্রির অভিযোগে আব্দুর রাজ্জাককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।