জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সিলেটের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি রসিকতার ছলে বলেন, ‘আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালো রাস্তা বানাতাম।’
শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে সীমান্ত হত্যা প্রতিবাদী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে এনসিপির মৌলভীবাজার জেলা কমিটি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটের মানুষ বিদেশে, বিশেষ করে যুক্তরাজ্যে গিয়ে অর্থ উপার্জনের জন্য পরিচিত হলেও প্রত্যাশিত উন্নয়ন চোখে পড়েনি। তিনি বলেন, এনসিপির ঘোষিত প্রধানমন্ত্রী প্রার্থী তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে হওয়ায় এ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর দাবিও জানান তিনি।
সম্প্রতি কুলাউড়ার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মুজিব আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এ ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, কেউ চাঁদাবাজি, জমি দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, তরুণরাই সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসানের সভাপতিত্বে সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।