কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ জুন) কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলার বাদী নিজেকে যুবদলের নেতা বলে পরিচয় দিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপ করা হয়। এছাড়া একটি ফেসবুক পোস্টে তার ছবি ব্যবহার করে বিভিন্ন মন্তব্য করা হয়, যা তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্টের চেষ্টা করা হয়েছে।
তবে এ মামলাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে।