এমআরএ/বি২৬/০৮৩৬,
আবু বক্কার সিদ্দিক, দপ্তর সম্পাদক
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলায় এমআরএ-এর নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ থেকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ সময় এলোপাতাড়ি মারধরে কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।
হামলার ঘটনায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং তাঁর সঙ্গে থাকা ক্যামেরাপার্সনের ওপর আক্রমণের চেষ্টা করা হয়। এছাড়া দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়।
এমআরএ-এর সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনোভাবেই হামলা, ভয়ভীতি বা হয়রানির শিকার হতে পারেন না।
সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের ওপরও আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
এমআরএ-এর সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও কর্মীদের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। কোনো অবস্থাতেই সংবাদ সংগ্রহে বাধা দেওয়া বা হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়।
আহত সাংবাদিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’