কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরতে পারবে বলে মনে করেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার মতে, দলটির অতীত কর্মকাণ্ড সম্পর্কে মানুষের স্মৃতি মুছে না গেলে আওয়ামী লীগের পক্ষে নতুন করে প্রভাব বিস্তার করা কঠিন।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, দলটি নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত ‘সন্ত্রাস দমন আইন, ২০০৯’-এর আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দলটির বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা নেই। জনগণ অতীতের ঘটনাগুলো ভুলে না গেলে আওয়ামী লীগের পক্ষে উচ্চকণ্ঠে রাজনীতি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এতে সরকার আওয়ামী লীগকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছে—এমনটি নয় বলেও উল্লেখ করেন তিনি।