সরকারি দপ্তরগুলোতে দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদ পূরণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।
রোববার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনবল সংকট দূর করতে সরকার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি তিনটি পৃথক পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার আওতায় আগামী ছয় মাসে ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে।
তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে।
শ্রেণিভিত্তিক শূন্যপদের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রথম শ্রেণির (১ম থেকে ৯ম গ্রেড) ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণির (১০ম থেকে ১২তম গ্রেড) ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণির (১৩তম থেকে ১৬তম গ্রেড) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণির (১৭তম থেকে ২০তম গ্রেড) ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ বর্তমানে খালি রয়েছে। এছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিকসহ অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে সরকার স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে শূন্যপদের সর্বশেষ তথ্য এবং জনবল চাহিদা পাঠানোর নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।