সংসদ সদস্যদের সরকারি আবাসনে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে শুরু হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের মন্তব্যের সমালোচনা করে বলেন, একজন সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে কিছু দেওয়ার প্রস্তাব দেওয়ার প্রয়োজন ছিল না।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান নিজের জন্য নয়, বরং সংসদ সদস্যদের আবাসনে বসবাসকারী সবার সুবিধার জন্য বিষয়টি উত্থাপন করেছিলেন।
তিনি বলেন, “উনি তো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, নিজেই আবার অফারও দিয়ে দিলেন। ওনার কাছে চাইছে নাকি?”
এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা সরবরাহের দাবি জানান। এর জবাবে আন্দালিভ রহমান পার্থ ব্যক্তিগতভাবে তাকে একটি মাইক্রোওভেন দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও মন্তব্য করেন। তিনি বলেন, বিষয়টি সংসদের সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা করা যেত এবং কাউকে ব্যক্তিগতভাবে কিছু দেওয়ার প্রস্তাব তার জন্য অসম্মানজনক হিসেবে বিবেচিত হতে পারে।
পরে শফিকুর রহমান সংসদ সদস্যদের পারস্পরিক সম্মান বজায় রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।