নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংগঠিত বন্দুক যুদ্ধে মথায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অনিক (২০)। তিনি দড়িগাঁও এলাকার ওসমান মেম্বারের ছেলে। স্থানীয়ভাবে তিনি নাজিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের কারণে এলাকায় অনুপস্থিত থাকা আলাল মুন্সি ও জবা মেম্বার মঙ্গলবার ভোরে স্পিডবোটে করে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে থাকা সশস্ত্র ব্যক্তিরা নাজিম উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এর জেরে নাজিম উদ্দিনের অনুসারীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ব্যবহারকে কেন্দ্র করে হরিপুর ও দড়িগাঁও এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়, যা সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলতে থাকে।
সংঘর্ষের একপর্যায়ে অনিক মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বকুল মিয়ার ছেলে রাজু (২৮) এবং জাকির হোসেনের ছেলে মুবারক হোসেন (৩০) রয়েছেন। তাদের নরসিংদী জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদুল্লাহ খান জানান, সকালে তিনজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, পূর্ব শত্রুতা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নাজিম উদ্দিন এবং আলাল মুন্সির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনিক নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।