পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আলোচিত কৃষক সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দেওয়ার ঘোষণার মাধ্যমে তিনি দেশব্যাপী আলোচনায় এসেছিলেন।
রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সোহাগ মৃধার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “মারামারি ও পর্নোগ্রাফি মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
উল্লেখ্য, গত বছর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে বেগম খালেদা জিয়া গরুটি উপহার হিসেবে গ্রহণ করে কৃষক সোহাগ মৃধার পরিবারের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে তা পুনরায় তার কাছেই ফিরিয়ে দেন।
সম্প্রতি পবিত্র ঈদুল আজহার হাটে সোহাগ মৃধা গরুটি সিলেটের এক ব্যবসায়ীর কাছে ২২ লাখ টাকায় বিক্রি করেন বলে জানা যায়।