মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন নগরজুড়ে সবুজায়ন কার্যক্রম শুরু করেছে।
রবিবার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত এ কর্মসূচিতে মহাসড়কের পাশসহ বিভিন্ন স্থানে কয়েক শ’ ফুলগাছ ও ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারা রোপণ করা হয়।
নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ তানজিলা খানম, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদেরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবনকেও নিরাপদ করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে গাছ লাগানো ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও বলেন, সবুজায়ন সম্প্রসারণের মাধ্যমে গাজীপুরকে আরও পরিবেশবান্ধব ও টেকসই নগরীতে পরিণত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি নগরীর পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে নতুন গতি সঞ্চার করবে।