জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান বলেছেন, চট্টগ্রামে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে জোর করে অন্য একটি অটোরিকশায় তোলার সময় তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। স্থানীয় সমর্থক ও উপস্থিত লোকজন পাশে না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাঈম হাসান এসব কথা বলেন।
নাঈম বলেন, “যখন সিএনজি অটোরিকশায় তুলে ফেলে, তখন খুব ভয় পেয়েছিলাম। সেখানে জড়ো হওয়া সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনাটি অন্য রকম হতো।” তিনি দাবি করেন, পুলিশ তাকে খুলশী থানায় নেওয়ার পরও অনেক সমর্থক সেখানে উপস্থিত ছিলেন, যার কারণে পরিস্থিতি আরও খারাপ দিকে যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে নাঈম বলেন, ভবিষ্যতে যেন কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে মারধর ও হয়রানির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এক উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।