নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত মোক্তারপাড়া সেতুর পাশে জুলাই স্মৃতিস্তম্বে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট করলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
ভিডিও চিত্রের তথ্যমতে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে কয়েজজন লোক এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ইনকিলাব মঞ্চের নেতা “ওসমান হাদী” কে নিয়ে স্লোগান দিতে শোনা যায়। স্লোগান তারা বলেন, “তোমরা যারা হাদী হবা, হাদীর মতো মারা খাবা”। “শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই”, “রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই”, “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে”। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে তারা এখান থেকে চলে যায়। এই ঘটনায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক মহল এটিকে অশনি সংকেত বলে মনে করছেন।
নেত্রকোনা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান তার ফেসবুক পেইজে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ব্যাপারে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দায়ী করেছেন। একই সাথে আগুন দেওয়ার ঘটনা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শেখ বদরুল আমীন জানান, জুলাই স্মৃতিস্তম্ভে যারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তারা নিঃসন্দেহে দুষ্কৃতিকারী। এ ঘটনার তীব্র নিন্দা ও দীক্ষার জানাই।
নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা বলেন, মঙ্গলবার রাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। যে বা যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতানা হোক।
ঘটনার সত্যতা স্বীকার করে নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, জুলাই স্মৃতিস্তম্ভে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এই ঘটনার জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।