প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, জনসেবাকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে প্রশাসনের সব স্তরে সততা, দক্ষতা এবং জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা বজায় রাখতে কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।