মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির চেষ্টার সময় গৃহকর্তাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে নিজেদের দলের এক সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আব্দুল করিম ওরফে রেজাউল করিম (৩৬) রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আব্দুল করিম সিলেটের জকিগঞ্জ উপজেলার সেনাপতির চক গ্রামের বাসিন্দা।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত প্রায় তিনটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ লঘাটি গ্রামের আব্দুল কুদ্দুছের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। ওই সময় বাড়িটিতে অবস্থান করছিলেন কুদ্দুছের আত্মীয় কাঞ্চনপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬০) ও তাঁর পরিবারের সদস্যরা।
রান্নাঘরের দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে তাঁরা দেখতে পান, কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশের জন্য কেচিগেটের তালা ভাঙার চেষ্টা করছেন। তখন গিয়াস উদ্দিন ও পরিবারের অন্য সদস্যরা ভেতর থেকে গেট চেপে ধরে রাখেন।
একপর্যায়ে গেট খুলতে না পেরে ডাকাত দলের এক সদস্য আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। গুলিটি গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে ছোড়া হলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে ডাকাত দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অন্য সদস্যরা নিহত সাইফুলের মরদেহ ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় ওই দিনই গিয়াস উদ্দিন বাদী হয়ে বড়লেখা থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।