সেলিম রেজা, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মানুষ ঝুঁকছে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবারের দিকে। আর এ সময় সবচেয়ে জনপ্রিয় মৌসুমি ফলগুলোর মধ্যে অন্যতম হলো তালশাঁস। সুস্বাদু, রসালো ও পুষ্টিগুণে ভরপুর এই ফলটি গরমে শরীরকে শীতল রাখতে সাহায্য করে বলে এর চাহিদা বেড়েছে ব্যাপকভাবে।
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন তালশাঁস বিক্রি হচ্ছে জমজমাটভাবে। তালশাঁস বিক্রেতা আলতাফ জানান, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তালশাঁসের বিক্রিও বেড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে তালশাঁসের চাহিদা বেশি।
পুষ্টিবিদদের মতে, তালশাঁসে রয়েছে প্রচুর পানি, খনিজ লবণ ও প্রাকৃতিক শর্করা, যা শরীরের পানিশূন্যতা দূর করতে এবং ক্লান্তি কমাতে সহায়তা করে। এছাড়া এটি হজমশক্তি বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
তালশাঁস ক্রেতা জয়নাল আবেদিন বলেন, “গরমে ঠান্ডা পানীয়ের চেয়ে তালশাঁস খেতে বেশি ভালো লাগে। এটি যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও উপকারী।”
গ্রীষ্মের দাবদাহে স্বস্তির বার্তা নিয়ে আসা এই মৌসুমি ফলটি এখন বাজারে ক্রেতাদের অন্যতম পছন্দের খাবারে পরিণত হয়েছে। তাই গরম যত বাড়ছে, তালশাঁসের কদরও তত বাড়ছে।