রাশিমুল হক রিমন, বরগুনা সংবাদদাতা
বরগুনার আমতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি’ ব্যানারসহকারে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে সভায় ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুম শুরুর এই সময়ে এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে বাসাবাড়ির ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা প্লাস্টিকের পাত্রে যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “কেবল সরকারি উদ্যোগ বা প্রচারণাই যথেষ্ট নয়, ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে ডা. চিন্ময় হাওলাদার বলেন, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
কর্মসূচি থেকে উপজেলার বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষকে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।