মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জনকে প্রতিরোধ করেছে বিজিবি| বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন অপচেষ্ট ব্যর্থ হয়েছে| ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জন বর্তমানে কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছে|
এ ঘটনায় আজ শনিবার ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)| তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে|
স্থানীয় ও বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্তের মেইল পিলার ১০৪/ ৫ এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ৬ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ| তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়| বিএসএফ তাদের গ্রহণ না করা তারা কাটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে| এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ শিশু রয়েছে|
স্থানীয়রা জানান, বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়| তারা ৬ জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন| প্রতিরোধের মুখে তারা কাটাতারের বেড়ার পাশে ফিরে যায়| কিন্তু বিএসএফ কাটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে| এপারে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান|
এদিকে বিজিবি হান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশ ইন প্রতিরোধ করছে| তাদেরকে কাটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহবান জানাচ্ছেন| কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া মিলছে না|
অবৈধ কোন অনুপ্রবেশ কিংবা পুশ ইন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্প কমান্ডার| তবে বিজিবির পক্ষ থেকে পতাকা ˆবঠকের আহবান জানানো হয়েছে|