পটুয়াখালীর গলাচিপায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক ইউনিয়ন বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গলাচিপা উপজেলা বিএনপির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ৫নং রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা এবং সদস্য সচিব আলতাব খান যৌথভাবে অনুমোদন করেন। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবগতির জন্য জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে বরিবার রাত থেকে রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফ ও রতনদী-তালতলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. গোলাম মোস্তফা শুভকে ফোন করে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা বিকাশের মাধ্যমে চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও পরে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দ্রুত পদক্ষেপ নেয়। পরবর্তীতে হায়দার আলী শরীফের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত ঘোষণা করা হয়।