ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ক্যাডারদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক জোকারে পরিণত হয়েছেন। তিনি নিয়মিত অশালীন ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা দেশের রাজনীতির জন্য ক্ষতিকর।”
তিনি আরও দাবি করেন, ঝিনাইদহ সফরের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের কেউ ওই হামলায় জড়িত ছিল না।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ও আচরণের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে তিনি “আজেবাজে” মন্তব্য করছেন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, সাধারণ মানুষই ভবিষ্যতে এমন আচরণের জবাব দেবে।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি এবং অতীতে বিভিন্ন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। তার অভিযোগ, জামায়াত ও এনসিপি মিলে রাজনৈতিক ষড়যন্ত্র করছে, যা জনগণ গ্রহণ করবে না।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।