পটুয়াখালীর কলাপাড়ায় শিশু রামিসা হত্যাকাণ্ডসহ নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখা ও নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তারেক আনাম সুমন, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দীন, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, নাসির উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রামিসা হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার হলেও এখনো বিচার কার্যক্রম সম্পন্ন হয়নি। তারা দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। একইসঙ্গে কলাপাড়ার চম্পাপুরে নির্যাতনের শিকার এক ছাত্রীর পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, কলাপাড়ায় একাধিক ধর্ষণ ও অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই প্রকৃত অপরাধীরা শনাক্ত ও আইনের আওতায় আসেনি। নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানান তারা।