মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের পূবাইল ৪২ নম্বর ওয়ার্ডের নারায়ণকুল এলাকায় অবস্থিত নারায়ণকুল ড্রিম মডেল স্কুল এন্ড কলেজ–এর এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন। নিজেদের উদ্যোগে পরীক্ষা কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে তারা দায়িত্ববোধ, সচেতনতা ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শিক্ষার্থীরা জানান, জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের স্মৃতিবিজড়িত স্থানটির প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই তারা এই কার্যক্রম পরিচালনা করেন। পরীক্ষা শেষে কেন্দ্রের বিভিন্ন কক্ষ, বেঞ্চ, করিডোর ও আশপাশের পরিবেশ পরিষ্কার করে তারা একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল গাজীপুরের পূবাইল ৪২ নম্বর ওয়ার্ডের হারবাইদ এলাকায় অবস্থিত হরবাইদ স্কুল এন্ড কলেজ। পরীক্ষা শেষে সেখানেই তারা প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
তাদের এই উদ্যোগে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও প্রশংসার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতার এমন চর্চা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক দিক।
এ বিষয়ে ছাত্রদল নেতা মোঃ মাহাথীর ভূঁইয়া বলেন,
“ড্রিম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরীক্ষা শেষে কেন্দ্র পরিষ্কার করার মাধ্যমে তারা শুধু দায়িত্ববোধই নয়, বরং মানবিকতা, শৃঙ্খলা ও সচেতনতারও সুন্দর উদাহরণ তৈরি করেছে। বর্তমান সময়ে তরুণদের এমন ইতিবাচক কাজ সমাজের জন্য আশাব্যঞ্জক। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের এই মানসিকতা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—ভালো আচরণ ও সামাজিক দায়িত্ববোধও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ, আর তারা সেটিই প্রমাণ করেছে।”
শিক্ষার্থীদের ভাষায়, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আচরণ, দায়িত্ববোধ ও মানবিকতার মধ্য দিয়েও প্রকৃত শিক্ষার প্রকাশ ঘটে। আর সেই মূল্যবোধেরই বাস্তব উদাহরণ হয়ে উঠেছে তাদের এই প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ অন্যদের মাঝেও ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে এবং পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেবে সমাজজুড়ে।