মাহিনুর ইসলাম, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত রাহেদ হোসেন মাহেদ (২৩) সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় তথ্য পাওয়া যায়, নিষিদ্ধ সংগঠনের সদস্য রাহেদ সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন।
এ তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশের তত্ত্বাবধানে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের পর বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি টিলা থেকে তাকে আটক করা হয়।
যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, তিনি সিটিটিসির তদন্তাধীন একটি মামলার আসামি। ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের দাবি, রেড এলার্ট জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি অবৈধভাবে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
পরে বৃহস্পতিবার রাতে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।