বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনার বিদায় আল্লাহর হুকুমেই হয়েছে। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি তার দীর্ঘ জেল জীবনের স্মৃতিচারণ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বহুবার কারাবরণ করেছেন। তিনি জানান, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে পর্যন্ত তাদের মনে হয়নি যে শেখ হাসিনার শাসনের অবসান ঘটবে। তবে আন্দোলনে জনগণের ঐক্য ও আল্লাহর ইচ্ছাতেই সেই পরিবর্তন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জেলখানায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে তার দীর্ঘ সময় কাটে। সেখানে একসঙ্গে নামাজ, আড্ডা ও বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করেছেন। মিয়া গোলাম পরওয়ারকে তিনি “মজলুম নেতা” আখ্যা দিয়ে তার লেখা বইগুলোর প্রশংসা করেন।
অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ‘লৌহকপাটের অন্যজীবন’ ও ‘ঈমানের উন্নতি’।