সংসদ সদস্যদের (এমপি) জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি এখন সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। সেখানে পাস হলে গেজেট প্রকাশের মাধ্যমে এমপিদের এই সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যাবে।
সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, ১৯৭৩’-এর অধীনে এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পেতেন, যা নতুন সংশোধনের মাধ্যমে বাতিল করা হচ্ছে।
একই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও সংস্থার আওতায় আনা, ‘জাতীয় চা দিবস’ ২১ মে নির্ধারণ, এবং কিছু নিয়োগে বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা।
সরকারের মতে, এসব সিদ্ধান্ত প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ব্যয়সংকোচন এবং ন্যায্যতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।