প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পে-অর্ডার) স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সফল ও কার্যকর করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিতের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা থাকলে আলাদাভাবে প্রতিভা খুঁজে বের করার প্রয়োজন হবে না। মাঠ থেকেই ভবিষ্যতের ভালো খেলোয়াড় তৈরি হবে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দল গঠন নিশ্চিত করা জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদরাসা, স্কুল বা কলেজ যদি একটি পূর্ণাঙ্গ দল গঠন করতে না পারে, তাহলে এর কারণ খতিয়ে দেখা হবে। শিক্ষার্থীর সংখ্যা বা অন্যান্য সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।
তিনি জানান, প্রতিযোগিতার পরিধি বাড়াতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে এবং সারাদেশে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।