মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে ও থাপ্পড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, আরেকজন পলাতক রয়েছেন।
নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) উপজেলার কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী অসিম দাসের স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অভিযোগ তুলে সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে ডেকে নিয়ে যায় অসিমের ভাই মহাদেব। পরে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
রাত আনুমানিক ৩টার দিকে তাকে দাসপাড়া হরি সভা মন্দিরের সামনে আনা হলে মহাদেবের সহযোগী মাহবুব তাকে থাপ্পড় মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাবাসী মহাদেবকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযুক্ত মাহবুব পলাতক রয়েছে।
নিহতের বড় মেয়ে উর্মিলা মন্ডল অভিযোগ করে বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।”
এদিকে প্রবাসীর স্ত্রী পূজা দাস দাবি করেন, তাকে নিয়ে দীর্ঘদিন ধরে বিরক্ত করছিল মহাদেব এবং মিথ্যা অপবাদ দেওয়ার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।