মুন্সিগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-মাওয়া মহাসড়কে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই এ সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেলেও স্বস্তির বিষয়—কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়নি। ফলে নির্বিঘ্নেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও সুচারু ব্যবস্থাপনার কারণে দ্রুত টোল আদায় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। বড় যানবাহনের জন্য পৃথক একাধিক টোল কাউন্টার এবং মোটরসাইকেলের জন্য আলাদা ব্যবস্থা থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না চালকদের। এতে করে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হলেও যান চলাচল ছিল স্বাভাবিক গতিতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এবার ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে স্বস্তির এই চিত্রের মাঝেও যাত্রীদের অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে। অনেক পরিবহনেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এতে ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়েছে বলে জানান তারা।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, ঢাকা-মাওয়া মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ যেকোনো অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।