মোঃ মিরাজ হোসাইন, ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলায় “কুরআনের সাথে আমাদের সম্পর্ক” শীর্ষক একটি আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন করে কুরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র, দৌলতখান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি আ. মান্নান মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুখ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সাজাহান সাজু এবং বিএনপি ওলামা দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, কুরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র, দৌলতখানের প্রতিষ্ঠাতা পরিচালক রিনা আক্তার। এ ছাড়াও উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মনিরুল ইসলাম, দিদার উল্যাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুছ ছামাদ, বিশিষ্ট আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ জীবন-বিধান। ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য। তারা আরও উল্লেখ করেন, কেবল তিলাওয়াত যথেষ্ট নয়; কুরআনের অর্থ অনুধাবন করে তা জীবনে প্রয়োগ করাই সময়ের দাবি।
সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, সূরা আলোচনা ও হাদিস বর্ণনার মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সমাজে নৈতিক উন্নয়ন, আত্মিক জাগরণ এবং কুরআনভিত্তিক সচেতনতা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।