মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুটবোঝাই একটি ট্রাক ও এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কৌশিক খানের অভিযোগ, তার মালিকানাধীন খান ট্রেডিং-এর সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট কেনাবেচার চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে তারা অতর্কিত হামলার শিকার হন।
অভিযোগ করা হয়, বাসন থানা বিএনপির নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় হামলাকারীদের অনেকের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলেও জানা গেছে।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।