মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং শিল্প পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।