দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি আসন থাকা ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। তবে এ অবস্থাতেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাকে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে দেখছেন তিনি।
অলি আহমদ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয়ই একমাত্র বিষয় নয়; বরং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই মূল লক্ষ্য। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তও সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।
তিনি বলেন, ১১ দলীয় জোট বর্তমানে দেশের অন্যতম বড় রাজনৈতিক জোট। তাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী না দিলে জোটের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারত। এ কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে এবং জনগণের সামনে বিকল্প তুলে ধরতেই অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকায় ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
অলি আহমদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সীমিত। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ফলাফল কী হবে, তা অনেকটাই আগে থেকে অনুমেয়। তবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য।