পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ।
এদিকে সংঘর্ষের পর পুরো বেড়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে জিসান (১৫) নামের এক কিশোরের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, একজন কিশোর আহত হয়েছে বলে জানতে পেরেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে আহত বা নিহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। কাউকে আটকও করা হয়নি।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল এবং ধাওয়া-পাল্টাধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।
চলমান উত্তেজনা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপি নেতারা এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়।
এরপর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রোববার সকালে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে আহত কিশোর জিসান ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সকালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।