জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্লাব ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি-২ থেকে তার পক্ষ হয়ে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান এ ফরম সংগ্রহ করেন।
এদিকে জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে বিসিবি পরিচালকের লড়াইয়ে নামতে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তিনি সশরীরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একইসঙ্গে সি ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক, যাদের নির্বাচন করেন নিজ নিজ অঞ্চলের কাউন্সিলররা। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে নির্বাচিত হবেন। এ ক্যাটাগরিতে মোট ভোটার ৭১ জন। ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। আর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) থেকে মনোনীত করা হবে দুই পরিচালক।
শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলেছে, যেখানে ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখদের অংশগ্রহণ নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।