ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি সামাজিক ও রাজনৈতিক নানা কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে প্রায়ই আলোচনায় থাকেন। কখনো ডাকসুর অনুষ্ঠানে, আবার কখনো জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণার মঞ্চে উপস্থিত থাকার ফলে অনেকেই তাকে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে চিহ্নিত করেছেন। তবে এ ধারণা ভুল বলে জানিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোনামি নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে দাবি করেন। তিনি লেখেন, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলেন।
অনেকেই তাকে ‘জামায়াতি’ বা ‘শিবির ম্যাডাম’ বলে ডাকেন—এতে তিনি স্বচ্ছন্দ বলেও উল্লেখ করেন। কখনো কখনো এসব পরিচয় গর্বের সঙ্গেই নিজের করে নেন বলেও জানান।
শেহরিন আমিন আরও বলেন, তিনি নিজেকে মধ্যপন্থী মনে করেন। তবে সামাজিক মাধ্যমে আলোচনার সময় তাকে ডানপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়। এ নিয়ে তার আপত্তি নেই বলেও ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
