নির্বাচনের আর এক মাসও বাকি নেই। এমন সময় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতারণামূলক ও সংঘবদ্ধ প্রচারণার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি দাবি করেন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দারিদ্র্যকে পুঁজি করে পরিকল্পিতভাবে এই প্রচারণা চালানো হচ্ছে।
সম্প্রতি একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে হামিম বলেন, বিষয়টি প্রথম তার নজরে আসে খুলনায়। খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এক ভ্যানচালকের মুখে তিনি শোনেন, ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব।’ আশ্চর্যের বিষয় হলো, ওই ভ্যানচালক জামায়াতের প্রার্থীর নামও বলতে পারেননি।
হামিম জানান, ঢাকায় ফেরার পর একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। এক রিকশাচালক তাকে জানান, নির্দিষ্ট একটি বাক্য যাত্রীদের বলার জন্য তাকে অতিরিক্ত টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি ছদ্মবেশে পরীক্ষা করা হবে বলেও তাকে সতর্ক করা হয়।
হামিমের ভাষ্য, এটি কোনো স্বতঃস্ফূর্ত মতামত নয়, বরং সংঘবদ্ধ ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। তিনি বলেন, ‘দিন আনে দিন খাওয়া মানুষদের দারিদ্র্যকে ব্যবহার করে এভাবে রাজনৈতিক বার্তা ছড়ানো স্পষ্ট প্রতারণা।’
এ বিষয়ে এখনো বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
