মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে সম্পর্কের সূত্র ধরে ধারণ করা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক সাবেক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নূর আলম শেখ প্রায় ১৮ মাস ধরে টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। এ সময় স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে তার বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন তিনি। একপর্যায়ে শিশুটির মায়ের সঙ্গে প্রলোভনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নূর আলম। পরে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি।
প্রায় এক মাস আগে তাঁদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাঁকে ইমামতির দায়িত্ব থেকে বহিষ্কার করে এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন নূর আলম। পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিতে থাকেন।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে নিজের ধারণ করা একটি আপত্তিকর ভিডিও ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠান তিনি। একই সঙ্গে তাঁর সঙ্গে দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় খবর পেয়ে রোববার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে।
পুলিশ পরিদর্শক (নিঃ) অর্জুন কুমার দাশ, এসআই (নিঃ) আবুল কালাম আজাদ বিপিএম ও এসআই (নিঃ) রেজাউল কাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম শেখ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার সন্তানের জনক।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।