তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক বাজারে ছয়টি শার্টের দামের সমপরিমাণ করার প্রস্তাব দিয়েছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। একই সঙ্গে মজুরি নির্ধারণ বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি ক্রেতা প্রতিষ্ঠানের (বায়ার) প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব প্রস্তাব তুলে ধরেন তারেক রহমান।
তিনি বলেন, কম মজুরিতে পোশাক উৎপাদন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম বৈশিষ্ট্য। আন্তর্জাতিক বাজারে ছয়টি শার্টের দাম হিসাব করলে একজন শ্রমিকের মূল মজুরি প্রায় ২০ হাজার টাকা হতে পারে। এর সঙ্গে ওভারটাইম যুক্ত হলে তা ২৫ হাজার টাকায় পৌঁছাতে পারে।
পোশাক কারখানা শহর থেকে রংপুর, শেরপুর, জামালপুর, বাগেরহাট ও খুলনা অঞ্চলে স্থানান্তরের প্রস্তাবও দেন তিনি। তাঁর মতে, এসব অঞ্চলে তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয়ে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
এদিকে, কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, এতে বহু শ্রমিকের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক উল্লেখ করে তারেক রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত করতে বোর্ডে বায়ারদের প্রতিনিধিত্বও জরুরি।