ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি। তিনি বলেছেন, জুলাই বিপ্লব–পরবর্তী বাংলাদেশে যদি জুলাইয়ের সৈনিকরাই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আজহারি লেখেন, “রক্তাক্ত জুলাই-পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্যাটাসের কমেন্টে তিনি আরও বলেন, এই ঘটনা গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং জনমনে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই বিপ্লবের একজন পরিচিত মুখ এবং সাম্প্রতিক সময়ে আগ্রাসন ও আধিপত্যবিরোধী রাজনীতির পক্ষে সোচ্চার ভূমিকার কারণে আলোচনায় ছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর তার ওপর এই হামলার ঘটনা নতুন করে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। এই প্রেক্ষাপটে দ্রুত সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে।
