জামায়াতে ইসলামী নিজেদের জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ দাবি করে জুলাই শহিদদের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় অনেক চিকিৎসক ও নার্স বৈষম্যের শিকার হয়েছেন এবং তাদের চাকরি থেকে বাদ দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার বাংলাদেশপন্থি ও জাতীয়তাবাদী মতাদর্শের ব্যক্তিদের বাদ দিয়ে আওয়ামী লীগের অনেক সহযোগীকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে।’
জামায়াতকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতে ইসলামী নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে। অথচ মগবাজারে নিজেদের কার্যালয়ের তালাই খুলতে পারেনি। নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে তারা জুলাই শহিদদের মর্যাদা ক্ষুণ্ন করেছে।’